আধুনিক ‘ইউনিকোড’ ভাষা প্রযুক্তিতে রূপান্তরিত এই পাতাটি এখান থেকে নেওয়া। আনন্দবাজার পত্রিকায় আধুনিক বাংলা ভাষা প্রযুক্তি ব্যবহারের আবেদন সমর্থন করুন।

৩ পৌষ ১৪১৬ শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯

পরমাণু দুর্ঘটনা নিয়ে নয়া বিলের বিরোধী কারাট

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

মেরিকার কাছ থেকে যে পরমাণু চুল্লি কেনা হবে, তার থেকে কোনও দুর্ঘটনা ঘটলে মার্কিন সংস্থা কোনও ক্ষতিপূরণ দেবে না বলে অভিযোগ তুললেন সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। শুক্রবার মহাজাতি সদনে ফব-র এক সভায় কারাট এই অভিযোগ করেন।

কারাটের বক্তব্য, এ ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। পরমাণু চুল্লি কেনার ব্যাপারে যে বিল আসবে, তাতেও বিষয়টি থাকবে। বামেরা সর্বাত্মক ভাবে এর বিরোধিতা করবে জানিয়ে কারাট বলেন, “যাতে নিজেদের মধ্যে বিভেদ ভুলে দেশের স্বার্থে সব রাজনৈতিক দল এর বিরোধিতা করে, তার জন্য সব দলের কাছে আমরা আবেদন জানাব।” তিনি জানান, ভারত আমেরিকা, রাশিয়া ও ফ্রান্সের কাছ থেকে ১০ হাজার মেগাওয়াটের পরমাণু চুল্লি কিনছে। চুল্লি থেকে দুর্ঘটনা ঘটলে বহু মানুষের জীবন বিপন্ন হতে পারে। আমেরিকার থেকে যে চুল্লি কেনা হচ্ছে, তার থেকে দুর্ঘটনা ঘটলে মার্কিন সংস্থা ক্ষতিপূরণ দেবে না। যারা চুল্লি পরিচালনা করছে, তারা অর্থাৎ ভারত সরকার দুর্ঘটনার জন্য দায়ী থাকবে। কিন্তু রাশিয়া বা ফ্রান্স থেকে কেনা চুল্লির ক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে ওই দুই দেশের সংস্থাকেই ক্ষতিপূরণ দিতে হবে।

২৫ বছর আগে ভোপালে ইউনিয়ন কার্বাইড সংস্থায় গ্যাস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়। এ ব্যাপারে বিভিন্ন আদালতে দীর্ঘদিন মামলা চলার পরে ইউনিয়ন কার্বাইড কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে হয়। বস্তুত, বিদেশি সংস্থার সহযোগিতায় কোনও প্রকল্প রূপায়িত হলে দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ কে দেবে, তাও চুক্তিতে স্পষ্ট করে বলতে হয়। কারাটের অভিযোগ, “আমেরিকার সঙ্গে ভারত সরকার যে কৌশলগত সমঝোতা করছে, তারই ফলশ্রুতিতে এই ভাবে চুক্তি করা হয়েছে।”

previous story

desh

next story

First Page | Calcutta | State | Uttarbanga | Dakshinbanga | Bardhaman
Purulia
|
Murshidabad | Medinipur | National | Foreign | Business | Sports
Health |
Environment | Editorial | Today | Crossword | Comics | Feedback
Archives | About Us | Advertisement Rates | Font Problem